সিলেটে ছিনতাই-রাহাজানি এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণের নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর

রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো
সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরিফুল হক চৌধুরীসহ অন্যরা
সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরিফুল হক চৌধুরীসহ অন্যরা |নয়া দিগন্ত

সিলেটে ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘ছিনতাই-রাহাজানি রোধে এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফলাফল দেখতে চাই।’

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ— এমন নয়। প্রশাসন ও জনপ্রতিনিধিরা সক্রিয় আছেন। গত মাসের তুলনায় এ মাসে পরিস্থিতি কিছুটা উন্নত। তারপরও আমরা সময় বেঁধে দিয়েছি— এক সপ্তাহের মধ্যে যেন কোনো অভিযোগ না থাকে।’

এ সময় প্রবাসীদের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা কর্মীরা পুনরায় বিদেশে যেতে ভিসা সমস্যায় পড়লে সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতিতে নিহত প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং বিদেশে অবস্থানরতদের নিরাপত্তায় বাংলাদেশ মিশনগুলো কাজ করছে।

সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গে তিনি বলেন, ‘জয়েন্ট ভেঞ্চার চুক্তি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে এবং খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার আশা করা হচ্ছে।’

সভায় মন্ত্রী আইনশৃঙ্খলা কমিটির কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রতি মাসের সভার প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে হবে, যাতে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, চোরাচালানের রুট চিহ্নিত করে ম্যাপ তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় স্থানে চেকপোস্ট বসাতে হবে। বিশেষ করে তেল পাচার রোধে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।