বাঁশখালীতে পানিবন্দী ৩৫০ পরিবারকে মিরসরাইয়ের যুবকদের খাদ্য উপহার

ভয়াবহ বন্যায় পানিবন্দী চট্টগ্রামের বাঁশখালীর ৩৫০টি দুর্গত পরিবারকে মিরসরাইয়ের একদল স্বেচ্ছাসেবী যুবক বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার ও পানি বিতরণ করেছেন; দুর্গম এলাকায় গলা সমান পানি মাড়িয়ে এই উপহার পৌঁছে দেয়া হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
তহবিল সংগ্রহ করে বাঁশখালীতে পানিবন্দী ৩৫০ পরিবারকে খাদ্য উপহার দিয়েছেন মিরসরাইয়ের কয়েক যুবক
তহবিল সংগ্রহ করে বাঁশখালীতে পানিবন্দী ৩৫০ পরিবারকে খাদ্য উপহার দিয়েছেন মিরসরাইয়ের কয়েক যুবক |নয়া দিগন্ত

ভয়াবহ বন্যায় পানিবন্দী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩৫০টি দুর্গত পরিবারের মাঝে খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন মিরসরাইয়ের একদল স্বেচ্ছাসেবী যুবক।

রোববার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দীর্ঘদিনের পানিবন্দী অবস্থায় এই প্রথম অনেক বানভাসি মানুষ খাদ্য সহায়তা পেয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে তহবিল (ফান্ড) সংগ্রহ করে এই মানবিক উদ্যোগ নেন। বন্যার পানিতে বেশি ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, কাথারিয়া এবং খানখানাবাদ ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমটি সমন্বয় করেন স্থানীয় স্বেচ্ছাসেবী আব্দুল মতিন এবং মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জামশেদ আলম তপু, জাহেদ হোসেন, রিগান বড়ুয়া, শাখাওয়াত হোসেন, মো: আব্দুল্লাহ, মো: ইয়ামিন ও আসিফ হোসেন প্রমুখ।

ত্রাণ বিতরণ শেষে সমন্বয়ক আব্দুল মতিন বলেন, বাঁশখালী উপজেলার একেবারে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের ৩৫০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে আমরা মিরসরাইয়ের এই উপহার পৌঁছে দিয়েছি। কোথাও কোথাও গলা সমান পানিতে সাঁতার কেটেও আমরা বানভাসি মানুষের ঘরের দরজায় শুকনো খাবার ও পানি নিশ্চিত করেছি। এই মানবিক কাজে যারা যেভাবে অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।