নগরকান্দায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন

‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকা কিছুই পাইনি।’

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে এ পতাকা দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো: আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর ও পৌর যুবলীগ নেতা তরুণ পোদ্দার।

পতাকা উত্তোলন শেষে তারা ‘জয়বাংলা’ স্লোগানসহ দলীয় নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিওতে রাকিব লস্কর বলেন, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবুর দিকনির্দেশনায় নগরকান্দা উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকা কিছুই পাইনি।