সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ সময় দেশের সব অফিস-আদালতে বাংলা চালুর দাবি করেন এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
সকাল ৮টায় তালা বিদে পুরাতন স্কুল মাঠ থেকে প্রভাতফেরি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর ইমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন এই জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে অসংখ্য ভাষাসৈনিক জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। একইভাবে ২৪-এর গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীসহ বহু মানুষ আত্মত্যাগ করেছেন।’
তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন।
ইজ্জত উল্লাহ বলেন, ‘যে ভাষার জন্য ৫২-তে রক্ত ঝরেছে, সেই বাংলা ভাষা এখনো দেশের অনেক অফিস-আদালতে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এখনো ইংরেজিতে দাফতরিক চিঠিপত্র লেখা হয়, যা দুঃখজনক। ৫২’র চেতনা ৭১ স্বাধীনতা ও ২৪-এর গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে দেশের সব অফিস-আদালতে বাংলা ভাষায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জোর দাবি জানাচ্ছি।’
উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘দল-মত নির্বিশেষে আমি সকলের এমপি। সকলকে সাথে নিয়ে তালা উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা: মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।



