শেরপুর জেলার নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান (৭) ও ইসমাইল (৮) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুই শিশু সাঁতার না জানলেও মাঝে মধ্যে স্থানীয় পুকুর ও জলাশয়ে মাছ ধরতে নামত। প্রতিদিনের মতো রোববার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় দুই শিশু রোহান ও ইসমাইল। এরপর দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোমবার ভোরে নালিতাবাড়ী উপজেলার মধ্য নাকশী এলাকার বড় পুকুরে দু’জনের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন এবং পুলিশে খবর দেয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাসস



