বৃষ্টিতে ভাসছে কর্ণফুলীর উপকূলীয় এলাকা

অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং খাল-নালার নাব্যতা কমে যাওয়ায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই পানি জমে যায়।

সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)

Location :

Chattogram
পানিতে ডুবে যাওয়া রাস্তা
পানিতে ডুবে যাওয়া রাস্তা |নয়া দিগন্ত

টানা বর্ষণ ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার উপকূলীয় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের সড়ক, বসতবাড়ি ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং খাল-নালার নাব্যতা কমে যাওয়ায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই পানি জমে যায়। বিশেষ করে চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়নের নিচু এলাকায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

এদিকে অতিবৃষ্টির কারণে স্থানীয় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ছোট ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। জেলেরা বৈরী আবহাওয়ার কারণে নদীতে নামতে পারছেন না, ফলে তাদের আয়ও কমে গেছে।

চরপাথরঘাটা ইউনিয়নে সাবেক মেম্বার মোহাম্মদ মুছা বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। তবে, প্রতিবছর এসময়ে এলাকার অনেক ঘর-বাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। বিশেষ করে চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে আবহাওয়া অনুকূলে না এলে জলাবদ্ধতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

এ সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম বলেন, ‘কর্ণফুলী উপজেলা উপকূলীয় অঞ্চল হওয়ায় বৃষ্টি ও জোয়ার-ভাটার পানিতে সহজে প্লাবিত হয়ে যায়। এছাড়াও অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি স্থাপন, পয়ঃনিষ্কাশন ও পানি চলাচলের যথাযথ ব্যবস্থা না রাখার কারণেও এ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘উপকূলীয় এলাকার থেকে পানি নেমে গেলে সরেজমিনে প্রত্যক্ষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’