চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সফল অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে।
রোববার (১৪ জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল দেওয়ার সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো: সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।
তিনি অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



