গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

বক্তারা সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অভিযুক্ত আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার এবং হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Location :

Gazipur

গাজীপুর প্রতিনিধি
দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজীপুর) সংবাদদাতা আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে এবং বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টা ও দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাব এবং গাজীপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, প্রচার সম্পাদক মিলন শেখ, সহসভাপতি মাহবুব হোসেন, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লাভলু মিয়া, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, আবু জাফর, রতন হোসেন, মোসলেউদ্দিন খান বাবুল এবং শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

অপরদিকে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, আজিজ মিয়া রুবেল, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল, সাইফুল ইসলাম শুভ, সাইফুল ইসলাম, আলমগীর ইসলাম, এস এম জহিরুল ইসলাম, দৈনিক জনতার সাংবাদিক ওবাইদুল ইসলাম এবং গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।

এ ছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও মানববন্ধনে অংশ নেন।

বক্তারা সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অভিযুক্ত আরাফাত রহমান রাসেলকে দলীয় পদ থেকে বহিষ্কার এবং হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।