বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর মেট্রো সদর থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) স্থানীয় আরবান লাউঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেট্রো সদর থানা জামায়াতের আমির মো: ছাদেকুজ্জামান খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো: রবিউল হকের সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসাইন।
অনুষ্ঠানে এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব গাজী ও মো: জালাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি মো: তারেকুজ্জামান, ইঞ্জিনিয়ার এফ এম জাহিদ আহমেদ, মাওলানা কাজী মাহফুজুল্লাহ, মাওলানা আবু তাহের, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মেট্রো সদর থানার সভাপতি মেহেরাব হোসাইন, থানা সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম নজীবসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির-সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার মাস।
এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার মাহফিল শেষ হয়।



