মির্জাগঞ্জে লোহারপুল ভেঙে অটোগাড়ি খালে, চলাচলে দুর্ভোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা হাফিজিয়া নুরানী মাদরাসা সংলগ্ন মকুমা দুনদুলের খালে মাল বোঝাই একটি অটোগাড়িসহ আয়রান ব্রিজ (লোহার পুল) ভেঙে পড়ে গেছে।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
মির্জাগঞ্জে লোহারপুল ভেঙে অটোগাড়ি খালে, চলাচলে দুর্ভোগ
মির্জাগঞ্জে লোহারপুল ভেঙে অটোগাড়ি খালে, চলাচলে দুর্ভোগ |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা হাফিজিয়া নুরানী মাদরাসা সংলগ্ন মকুমা দুনদুলের খালে মাল বোঝাই একটি অটোগাড়িসহ আয়রান ব্রিজ (লোহার পুল) ভেঙে পড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (৮ মার্চ) দুপুর ২টার দিকে। এতে অটো গাড়ির চালক আহত হয়েছেন। ব্রিজটি ভেঙে পড়ায় মাদরাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষের চলাচলে চরম দেখা দিয়েছে দুর্ভোগ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মকুমা হাফিজিয়া নুরানী মাদরাসা সভাপতি মো: জলিল মোল্লা জানান, আজ রোববার উপজেলা সদরস্থ সুবিদখালী সাপ্তাহিক বাজারের দিন মুকুমা এলাকার স্থানীয়ন দোকানদার মো: শহিদ খাঁন অটো গাড়িতে করে দোকানে মালামাল নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজের মধ্যেখান দিয়ে ভেঙে খালের মধ্যে পড়ে যায় এবং অটোচালক গুরুতর আহত হয়। লোহার পুল ভেঙে মো: শহীদ খানের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আটো চালকের গাড়ি ভেঙ্গে গেছে। এ রাস্তা দিয়ে গাজিপুরা, বৈদ্যপাশা, পালিশাখালী, সোনাপুরা, মকুমা ও কাকড়াবুনিয়া গ্রামের লোকজন চলাচল করতো।

তিনি আরো বলেন, এ ব্রিজটি কয়েকমাস আগে মেরামত করা হয়েছে। তারা নামে মাত্র মেরামত করে চলে যাওয়া এ দুর্ঘটনার স্বীকার হয়।

কাকড়াবুনিয়া ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: হিরোন মোল্লা বলেন, লোহার পুলটি কয়েদিন আগে উপজেলা এলজিইডি থেকে মেরামত করা হয়। কিন্তু মালবোঝাই অটোগাড়ি উঠলে তা ভেঙে পড়ে। সামনে ঈদ, মেরামত না করা হলে ঈদের সময়ে স্থানীয়দের ভোগান্তির শেষ থাকবে না। বিষয়টা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

উপজেলা সহকারী প্রকৌশলী মো: সোহাগ জানান, উপজেলা এলজিইডি বিভাগ এবছর এ লোহারপুলের কোনো সংস্কার করেনি। তবে গত বছর কয়েকটি পুলের স্লিপার পরিবর্তন করা হয়েছে জনসাধারণের চলাচলের জন্য।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: মলিহা খানম বলেন, ‘বিষয়টি জেনেছি। ঈদের আগেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’