সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ হাসপাতাল চালু, অ্যাকাডেমিক কার্যক্রম নিশ্চিত করা ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মানববন্ধন করেছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২১ জুন) সকালে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে হাসপাতাল ভবনের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে মেডিক্যাল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরা ২০২৫ সালের ১৫ এপ্রিল তারিখে সংগঠিত হওয়া আন্দোলন থেকে এখন পর্যন্ত বার বার আশ্বাস পাওয়ার পরেও হাসপাতাল চালু না হওয়ায় এবং অ্যাকাডেমিক কার্যক্রমে যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমরা আমাদের সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবি সমূহ পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
মানববন্ধনে সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ ও সুরাইয়া আক্তার স্মৃতি, পঞ্চম বর্ষের শিক্ষার্থী পৃথ্বীরাজ চৌধুরী, সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, সামচিয়া তাবাসসুম মাঈশা, কেয়া গোস্বামী ও প্রিয়াস চন্দ্র, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: শাহপরান, তামিমা রহমান ও জারিন তাসনিম অথই, তৃতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আব্দুল্লাহ জামাল ও মোহাম্মদ তানভীর হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন।



