নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা শহরে দু’দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে শহরের জরুরি সেবা, পরিবহন, রেস্তোরাঁসহ বসতবাড়ির রান্নায় অচলাবস্থা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী-কর্মজীবীসহ সব পেশার মানুষ। তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় এ সঙ্কট দেখা দিয়েছে জানা যায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নেত্রকোনা তিতাসের উপপ্রকৌশলী আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার সকালে কোনো ঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শহরবাসীর মধ্যে অস্থিরতা দেখা েদয়।
সরেজমিনের শহরের কুরপাড়, নাগড়া, কাটলি, সাতপাইসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, তিতাস গ্যাস ব্যবহারকারী পরিবারে রান্নার কাজ ব্যাহত হচ্ছে। অনেকেই এলপিজি গ্যাস ও বিদ্যুতের চুলায় রান্না করছেন। কেউ কেউ সাময়িকভাবে হোটেল থেকে খাবার নিয়ে এসে গ্যাসের জন্য অপেক্ষা করছেন।
গ্যাস না থাকায় জেলার বেশকিছু সরকারি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
নেত্রকোনা তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি উপসহকারী প্রকৌশলী আশরাফুল হক বলেন, জাতীয় গ্রিডে গ্যাসের লাইনে সমস্যা হয়েছে। মেরামত কাজ চলমান রয়েছে। দু'একদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
নেত্রকোনা তিতাস গ্যাস সরবরাহ কেন্দ্রের সহকারী ম্যানেজার গোলাম মর্ত্তুজা বলেন, অতিরিক্ত গ্যাস সঙ্কটের কারণে এবং যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে। আশা করছি শুক্রবার কিংবা শনিবার থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।



