সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর শুরু হয়ে বিকেল পর্যন্ত থেমে থেমে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর চলে।
কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের জকিগঞ্জ-জাফলং রুট ও মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস, জগন্নাথপুর রুটের শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শুরুতে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ থেকেই এ উত্তেজনার সূত্রপাত। অভিযোগ রয়েছে, ওই কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ কার্যালয় দখলের চেষ্টা করলে বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে জকিগঞ্জ রুটের শ্রমিকদের সাথে তাদের সংঘর্ষ বেধে যায়। পরে অন্যান্য রুটের শ্রমিকরাও এতে জড়িয়ে পড়েন।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই ঘটনাটি শুরু হলেও তা দ্রুত বড় আকার নেয়। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো: মনজুরুল আলম বলেন, আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।



