ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি জান্নাতুল ফেরদৌস রিপনের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে স্থানীয় নেতারা। তারা এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করেছেন।
রোববার (২৯ মার্চ ) বিকেলে রাজাপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল আলীম লিখিত বক্তব্যে বলেন, গত ২৪ মার্চ রাতে একটি চুরির ঘটনার প্রেক্ষিতে হামলা হয়েছে। তবে বিএনপির কিছু স্বার্থান্বেষী মহল বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জামায়াত ও উপজেলা আমির মাওলানা কবির হোসেনকে জড়ানোর চেষ্টা করছে।
হাফেজ আব্দুল আলীম জানান, ঘটনার দিন তিনি, উপজেলা আমির ও একজন ইউনিয়ন নেতা অসুস্থ কর্মীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং সিসিটিভি ফুটেজ এ তথ্য প্রমাণ করতে পারবে। তিনি আরো অভিযোগ করেন, সম্প্রতি শুক্তাগড়সহ আশপাশের এলাকায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য ডা. মাওলানা হেমায়েত উদ্দীন, উপজেলা নায়েবে আমির মাস্টার ইউসুফ আলী, সদর ইউনিয়ন আমির মাওলানা আইয়ুব আলী, উপজেলার সাবেক সেক্রেটারি মাস্টার ফারুখ আহমেদসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



