শ্রীনগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সবুজ (৪৫) নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ
শ্রীনগর থানা, মুন্সীগঞ্জ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সবুজ (৪৫) নামে এক স্যানিটারি ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত সবুজ রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বৌবাজার এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি উত্তর বালাশুর নতুন বাজার এলাকায় একটি স্যানিটারি দোকান পরিচালনা করতেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের সাইনবোর্ডে থাকা মোবাইল নম্বরে কল দিয়ে স্যানিটারি মালামাল কেনার কথা বলে সবুজকে দোকানে আসতে বলেন। পরে সবুজ দোকানে পৌঁছালে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাসে থাকা পুলিশের পোশাকধারী দুজনসহ ৫-৬ জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।

অপহৃতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সবুজের স্ত্রী তার মোবাইল ফোনে যোগাযোগ করলে সবুজ জানায়, কয়েকজন তাকে শ্রীনগরের দিকে নিয়ে যাচ্ছে এবং তাকে নামতে দিচ্ছে না। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তিনি আরো জানান, ঘটনার পরপরই শ্রীনগর থানা, পদ্মা সেতু উত্তর থানা এবং মুন্সীগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে খোঁজ করেও সবুজের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল মিঞা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ডিউটি অফিসারের সাথে কথা বলে বিস্তারিত জানা যাবে।