ঝালকাঠিতে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ল খাদে

অ্যাম্বুলেন্সটি রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ছিটকে পড়া অ্যাম্বুলেন্স
ছিটকে পড়া অ্যাম্বুলেন্স |নয়া দিগন্ত

ঝালকাঠিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে ছিটকে পড়েছে অ্যাম্বুলেন্স।

সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।

জানা গেছে, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা অ্যাম্বুলেন্স থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে।

রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, ‘আমার চাচা ফজলুল হক ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে তার এই দুর্ঘটনার শিকার হয়ে একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।’

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘অ্যাম্বুলেন্সটি উদ্ধার করার প্রক্রিয়া চলমান আছে। আর এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’