রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এসব উপকরণ বিতরণ করেন নানিয়ারচর জোনের ক্যাপ্টেন মো: শাহেদুর রহমান ও লেফটেন্যান্ট মুহীব মাসরুর চৌধুরী।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত স্কুলে উপস্থিত, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষা ও খেলাধুলা কার্যক্রমে অংশ নেয়ার মাধ্যমে নিজেদের মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে আদর্শ মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। এই জোন সবসময় তরুণ প্রজন্মের উন্নয়ন, শিক্ষার বিস্তার এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
অনুষ্ঠানে সেনা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



