বগুড়ায় বাড়িতে ঢুকে ষাটোর্ধ্ব নারীকে শ্বাসরোধে হত্যার পর টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিমলা পোদ্দার (৬৭) ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন।
নিহতের পরিবারের দাবি, গভীর রাতে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে পণবন্দী হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘরের আসবাবপত্রও তছনছ করে। এসময় বিমলা পোদ্দার বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পাঁচ ভাইবোন একসাথে থেকে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নয় এবং দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ। তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে টাকা ও মোবাইল লুট হয়েছে এবং এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।



