পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে আঞ্চলিক যোগাযোগ ও নারী শিক্ষার মানোন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Location :

Boda
পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে আঞ্চলিক যোগাযোগ ও নারী শিক্ষার মানোন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করেন।

স্থানীয় উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে নবসংস্কৃত ‘সাকোয়া জিসি-ময়দানদিঘী জিসি’ হয়ে উলিপুখুরী-পুটিমারী পর্যন্ত বিস্তৃত আরসিসি সড়কের উদ্বোধন করা হয়।

পরবর্তীতে শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়’-এর নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের ফলক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান। এছাড়াও ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাফি, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উক্ত অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষাই একটি সুসভ্য জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই নতুন ভবন নির্মাণ ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া হচ্ছে।’

আয়োজনের সমাপ্তিতে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণমুখী এই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।