কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলছিল রিফাত ও সাফা। খেলার একপর্যায়ে ছোট বোন সাফা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে নেমে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ-আল-শাফী জানান, স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



