সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন শিশু মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
সোমবার (২৫ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যুর পাশাপাশি ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়েছে আরও ৫ জন। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে রয়েছে—সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ মাস বয়সী মহসিন, সিলেট সদর উপজেলার আট মাস বয়সী মাজহারুল ও মৌলভীবাজার সদরের চার মাস বয়সী কন্যাশিশু তানিয়া।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৭০ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া ৫৫ শিশুর মধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বাকি ৫১ জন মারা গেছে উপসর্গে।



