নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী নারী স্থানীয় ইয়ামিন (৩৫) ও ইব্রাহিম খলিল (৩০) নামে দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ২১ বছর বয়সি ওই গৃহবধূ সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ইয়ামিন উপজেলার চর হোগলা এলাকার মরহুম নুরু মিয়ার ছেলে এবং ইব্রাহিম খলিল একই এলাকার আসলাম ফকিরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় দেড় বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে অভিযুক্তরা ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলত। এতে রাজি না হওয়ায় গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তারা ওই নারীর ঘরে প্রবেশ করে।
পরে অভিযুক্ত ইয়ামিন ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ইব্রাহিম খলিল মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে ইয়ামিন তাকে একাধিকবার ধর্ষণ করে।
পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভপাতের জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধর এবং পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়।
ভুক্তভোগী নারী বলেন, তিনি বর্তমানে তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তিনি নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারিক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



