নাটোরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১০ জুলাই) সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের দুই জেলার সীমানা এলাকা গাওপাড়া ঢালানে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ। একটি সাদা রঙের হাইস গাড়িতে করে ঘটনাস্থলে এসে চার মিনিটের মধ্যে মিছিল ও পথসভা শেষ করেন নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ অন্য নেতাকর্মীরা।
মিছিল শেষ করে তারা আবার একই গাড়িতে ফিরে যান। বিষয়টি সকালে তেমন জানাজানি না হলেও বেলা ১১টার দিকে ফরহাদ বিন আজিজসহ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও পথসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে।
মিছিল ও সমাবেশে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সদরের গাওপাড়া ঢালান এলাকার মাঝিপাড়া গ্রামে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলাকারীরা বাড়ির ঘরে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়।



