‘তারেক রহমানের নেতৃত্বে দেশে গণজাগরণ শুরু হয়েছে’ মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান বলেছেন, আজকের এই অস্থির সময়ে তারেক রহমান শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি এক অবিচলিত আদর্শ, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং একটি নতুন বাংলাদেশ গঠনের অটুট সংকল্পের নাম।
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশে গণজাগরণ শুরু হয়েছে, আর সেই জাগরণকে স্তব্ধ করার জন্য অসংখ্য অপশক্তি ষড়যন্ত্রের জাল বুনছে। যারা দেশের যুব সমাজকে বিভ্রান্ত ও দমন করতে চায় তারা ভালো করেই জানে, তারেক রহমানের মধ্যেই রয়েছে সেই শক্তি যা দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করতে পারে। আর সেই ভয়, প্রতিহিংসা ও হিংস্রতা থেকেই একটি অপশক্তি তাকে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও কুৎসা ছড়াতে মরিয়া হয়ে উঠেছে।’
বুধবার (২৩ জুলাই) দুপুরে গৌরনদী বাসস্টান্ডস্থ অডিটোরিয়ামে গৌরনদীতে বিএনপি ও তারেক রহমানকে ঘিরে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে একটি দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আকন কুদ্দুস বলেন, ‘এই আক্রমণ শুধুমাত্র এক ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও জনস্বার্থের বিরুদ্ধে একটি সুক্ষ্ম ও পরিকল্পিত ষড়যন্ত্র। যারা আড়াল থেকে ছায়ার মতো রাজনীতি করে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য দেশের ভবিষ্যৎ দখল করতে চায়। তারাই এই নোংরা অপপ্রচারের জালে নিজেকে জড়িয়ে ফেলেছে। তারা জানে, যদি তারেক রহমান ফিরে আসেন, তাদের দুর্নীতি, স্বৈরাচার ও অবিচারের হিসাব দিতে হবে। তাই তারা জনসমাজের চোখ এড়িয়ে বিভ্রান্তির মাধ্যমে দেশের শান্তি ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছে।’
এ সময় বর্তমান প্রেক্ষাপটে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনের শাসনের অভাবে জনগণ যখন দিশেহারা। ঠিক তখনই একটি মহল পরিকল্পিতভাবে তারেক রহমানকে ঘিরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনকে বিপথে নিতে চায় বলে উল্লেখ করেন তিনি।
আকন কুদ্দুসুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, যতই মিথ্যা অপপ্রচার চালানো হোক, ইতিহাসের চাকা থেমে থাকবে না। জনগণের হৃদয়ে তারেক রহমানের প্রতি আস্থা এত গভীর যে, কেউ তা অন্ধকারে ঠেলে দিতে পারবে না। তারেক রহমান জনগণের বুকের ভেতর গেঁথে আছেন, এই মাটি ও মানুষ তাকেই চায়। আমরা এই সংগ্রাম থেকে পিছু হটব না রাজপথে থেকে জনগণকে নিয়ে এই ষড়যন্ত্রকারী মহলের মুখোশ খুলে দেবো, যাতে সত্যের বিজয় নিশ্চিত হয়।
এ আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, জহুরুল ইসলাম জহিরসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চলানা করেন বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ ও গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা।



