চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ বছর উপজেলার ১৫ হাজার শিশু এ টিকার আওয়াতাধীন।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘হাম-রুবেলা টিকা শিশুদের হাম ও রুবেলা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করে। আগামী ১০ মে পর্যন্ত উপজেলার ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা দেয়া হবে। তাই অভিভাবকদের সচেনতার সাথে শিশুদের টিকার জন্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।’
এ বছর উপজেলার ১৫ হাজার ৬৭ জন শিশু হাম-রুবেলার টিকা দেয়া হবে। ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ১০ হাজার টিকা এসে পৌঁছেছে। বাকি টিকা পরে আনা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৬৩টি ইপিআই কেন্দ্রে থেকে পর্যায়ক্রমে এ টিকা দেয়া হবে। ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক শর্মী রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার চিকিৎসক এম আর ফরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, থানার উপ-পরিদর্শক (এসআই) সুজয় কুমার মল্লিক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিষ্ট শিশির মজুমদার প্রমুখ।


