কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সকল জুমা মসজিদের ইমাম, খতিব ও এমপিওভুক্ত মাদরাসার শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুরহাট পৌরসভার মেট্রো টাওয়ারে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর উপজেলার ২টি ইউনিয়ন) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও মেট্রো হোমসের চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, আমার দল শহীদ জিয়ার দল, আমার দল জনমানুষের সেন্টিমেন্ট ধারণ করে। যতক্ষণ পর্যন্ত জনমানুষের সেন্টিমেন্ট ধারণ করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি একটি জনপ্রিয় দল।
তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও এমপিও ভুক্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদেরকে শ্রদ্ধার চোখে দেখি। ইমাম ও খতিবদের বলেন আপনারা মসজিদে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন। কোনো দলের পক্ষে কাজ করবেন না। এসময় তিনি বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও এমপিও ভুক্ত মাদরাসার শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মতবিনিময় শেষে ৫শ’ ইমাম, খতিব ও শিক্ষকদের প্রত্যেককে জায়নামাজ, পাঞ্জাবীর কাপড় ও লুঙ্গি উপহার দেন।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক রাজু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা ও চাপরাশিরহাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি আবু তোয়াহা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন মেম্বার, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মাদরাসার শিক্ষকরা।
এ সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিখক জসিম উদ্দিন আলমগীর, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান টিপু, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক এম মহিন উদ্দিন ছোটন, আজিজ আমিরসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকবৃন্দ।



