সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজ প্রবাসী ইমরান আহমদের (২৪) লাশ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিখোঁজের দুই দিন পর গত মঙ্গলবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের কামলাঘাট সীমান্ত এলাকায় ঝোঁপের ভেতর থেকে উপজেলার লামনীগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান আহমদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার সকালে তিনি বাড়ি থেকে সিলেট শহরে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরান আহমদ কিরগিজস্তান প্রবাসী ছিলেন। তিনি গত ডিসেম্বর দেশে ফেরেন। জানুয়ারিতে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় লোকজন সীমান্ত এলাকার ঝোঁপে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় তার বাবা নজরুল ইসলাম আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।
পরে বৃহস্পতিবার ভোরে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান নয়া দিগন্তকে বলেন, ‘প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’
তিনি বলেন, ‘আপাতত ওই মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’



