নবীনগরে চরমোনাই পীর রেজাউল করিম

ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া দেশে শান্তি সম্ভব নয়

‘ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব না। আমরা একা না আমাদের সাথে দেশের জনগণ আছে, ২৫৮টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি।’

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে চরমোনাই পীর রেজাউল করিম
নবীনগরে চরমোনাই পীর রেজাউল করিম |নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া শান্তি সম্ভব না। আমরা একা না আমাদের সাথে দেশের জনগণ আছে, ২৫৮টি আসনে আমরা একা প্রতিদ্বন্দ্বিতা করছি।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা হাই স্কুল মাঠে নির্বাচনের জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতকে ইঙ্গিত করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘তারা ইসলামী লেবাস ধরে আছে, তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই, তারা স্পষ্ট বলেছেন, কোরআন সুন্নাহর আলোকে শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন না, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবেন। প্রচলিত আইনে দেশের শান্তি আসবে না, বিগত সরকারগুলোর মতো জেল জুলুম অন্যায় অত্যাচার, দুর্নীতি, অপশাসন, বিদেশে টাকা পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রয়োজন, শরিয়া আইনে শাসন ব্যবস্থা চালু করতে হবে। ৯২% মুসলমানের এই দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।’

তিনি নবীনগরবাসীকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এ আসনে তাদের প্রার্থী নজরুল ইসলাম নজুকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

জনসভা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে সংসদ সদস্য প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু, নবীনগরকে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি আধুনিক উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি দেন।

জনসভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সরকার, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল মতিন প্রমূখ।