অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নিলো কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী।
আহতদের চিকিৎসা এবং নিহতদের লাশ পৌঁছানোসহ সার্বিক তদারকির জন্য কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ও নিহতদের দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
সড়ক দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
এসময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির বলেন , ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। ঘটনাস্থলে কোনো গেটম্যান বা নাইট গার্ড না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।’ তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
এর আগে, শনিবার (২১ মার্চ) রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়ার পথে মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ১২ জনের মৃত্যু হয়৷ আহত হয় অন্তত ১৫ জন।



