কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরীতে যানজট কমানো, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
উচ্ছেদ অভিযান
উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

দীর্ঘ তিন দশক পর কুমিল্লা নগরীর ব্যস্ততম টমছমব্রিজ এলাকার প্রধান সড়ক থেকে সরানো হয়েছে অবৈধ বাজার ও স্থাপনা। এতে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের অবসানের আশায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে।

রোববার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে টমছমব্রিজ এলাকার প্রধান সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট ও অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। সড়কের ওপর বাজার বসায় প্রতিদিনই সৃষ্টি হতো তীব্র যানজট। এতে নগরবাসীর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে শহরে আসা মানুষকেও দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিন ধরে সড়কের ওপর থাকা এই বাজারটি নগরবাসীর কাছে যানজটের অন্যতম কারণ হিসেবে পরিচিত ছিল।

রোববার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরেছে।

এদিকে, দীর্ঘদিন পর টমছমব্রিজ এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় অভিযানকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তারা নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতও দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, নগরীতে যানজট কমানো, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।