বান্দরবানের প্রত্যন্ত এলাকায় শিশুদের মাঝে ছড়িয়ে পড়া হাম রোগ নিয়ন্ত্রণে আলীকদমের কুরুকপাতা এলাকায় একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ইউনিসেফ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ কুরুক পাতা প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পটি চালু করেছে। ক্যাম্পটিতে ১৫ থেকে ২০ জন রোগী চিকিৎসা নিতে পারবে।
সম্প্রতি বান্দরবানের আলীকদম উপজেলার মায়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম কুরুক পাতা এলাকায় পাহাড়ি গ্রামগুলোতে শিশুদের মাঝে ব্যাপকভাবে হাম ছড়িয়ে পড়ার পর শনিবার সেখানে স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা: শেখ ফজলে রাব্বি এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে বান্দরবানের সিভিল সার্জন ডা: মো: শাহিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: হাসানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প থেকে কুরুক পাতা ও আশেপাশের এলাকার রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সিভিল সার্জন জানিয়েছেন, বর্তমানে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও বান্দরবানে এ পর্যন্ত মোট ৭৫ জন হাম রোগী সনাক্ত হয়েছে।



