ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সিলেটে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফলের আহ্বান

জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাত দফা দাবিতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নগরীর মেজরটিলা এলাকায় প্রচার মিছিল বের করে শাহপরান পূর্ব জামায়াত
নগরীর মেজরটিলা এলাকায় প্রচার মিছিল বের করে শাহপরান পূর্ব জামায়াত |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর নেতারা বলেছেন, জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাত দফা দাবিতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ডাক দিয়েছে। এই সাত দফা জুলাই-আগস্টের শহীদ ও গাজীদের স্বপ্নের বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা পালন করবে।

তারা বলেছেন, ঢাকায় ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ হবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সমাবেশ। এটি হবে দেশে নতুন ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দেশপ্রেমিক জনতার সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবি বাস্তবায়নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। সমাবেশ সফল করতে শহর, গ্রাম, পাড়া-মহল্লায় ব্যাপকহারে গণসংযোগ বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর জালালাবাদ থানার উদ্যোগে পাঠানটুলা ও শাহপরান পূর্ব থানার উদ্যোগে মেজরটিলা এলাকায় অনুষ্ঠিত পৃথক প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব বলেন।

এদিন মাগরিবের নামাজের পর নগরীর মেজরটিলা এলাকায় প্রচার মিছিল বের করে শাহপরান পূর্ব জামায়াত। মিছিলটি মেজরটিলা বাজার থেকে শুরু হয়ে টিলাগড় পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

থানা আমির শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো: আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী। মিছিলে শাহপরান পূর্ব থানার সকল ওয়ার্ড-ইউনিটের সর্বস্তরের জনশক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশ নেন।

একইদিন আসরের নামাজের পর নগরীর পাঠানটুলা এলাকায় প্রচার মিছিল বের করে সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত। মিছিলটি মদিনা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে পাঠানটুলা পয়েন্ট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

থানা আমির ক্বারী মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জুনাইদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, আশফাক আহমদ চৌধুরী আনাস, ফয়সল আহমদ, ফয়জুল হক, আতিকুর রহমান আতিক, প্রভাষক দুলাল আহমদ ও আব্দুর রাজ্জাক রাজন প্রমুখ।