পুলিশের অভিযানে খুন, ধর্ষণ ও পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেফতার

দূর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো: আনোয়ারকে (৪৩) শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৭, সিপিসি-১ ফেনীর সহায়তায় ফেনী সদর মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
গ্রেফতার ও আটক আট আসামি
গ্রেফতার ও আটক আট আসামি |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে খুন, শিশু ধর্ষণ, মাদক উদ্ধার, চুরি ও গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট আটজন আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে ছদ্দিকুর রহমান (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো: সজিবকে (২৫) স্থানীয় মান্নানের ভাড়াটিয়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া, দূর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো: আনোয়ারকে (৪৩) শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৭, সিপিসি-১ ফেনীর সহায়তায় ফেনী সদর মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

একইদিন রাতে মাদকবিরোধী পৃথক অভিযানে কাটাছড়া ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখালী এলাকায় দিদারুল আলম (২৫) ও জিয়া উদ্দিন বাবলুকে (৩০) ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ আটক করা হয়। অপরদিকে, বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর এলাকার মো: সোহেলকে (৩৩) ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএসআরএম গেইট এলাকা থেকে চুরির মামলার আসামি মাহফুজ শাহরিয়া অভিকে (১৯) গ্রেফতার করা হয়। একইরাতে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে মো: আশেককে (২৫) আটক করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘গ্রেফতার ও আটক সব আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।’