বিএনপিতে কোনো চাঁদাবাজ-দখলবাজের ঠাঁই নেই : মিনু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ মে) দুপুরে রাজশাহী নগরীর বিন্দুর মোড়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi City
বক্তব্য রাখছেন মিজানুর রহমান মিনু
বক্তব্য রাখছেন মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই নেই। এর সাথে বিএনপির যারা জড়িত হবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩১ মে) দুপুরে রাজশাহী নগরীর বিন্দুর মোড়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরী, থানা ও ওয়ার্ডের সাবেক নেতারা এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

স্বেচ্ছাসেবক দল বোয়ালিয়া থানার (পূর্ব) সাবেক আহ্বায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন প্রমুখ।

বিএনপি নেতা মিনু বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা উদিত হয়েছিল। তিনি নিজেও যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। সেইসাথে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন।’

তিনি আরো বলেন, ‘বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দিক-নির্দেশনায় দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করে আসছে। গত বছরের জুলাই-আগস্টে স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আবারো বাধা হয়ে দাঁড়িয়েছে একটি অনিবন্ধিত দল। কিন্তু বাংলাদেশের জনগণ আর এটা মেনে নেবে না।’

তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়ার দাবি জানান।

মিনু বলেন, ‘বিএনপি কথা কম বলে কাজ বেশি করে। তিনি মানুষের সাথে দলের নেতাকর্মীদের ভালো ব্যবহার করার পরামর্শ দেন।’

মিনু আরো বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক আদর্শ দল। এই দলের কেউ চাঁদাবাজ ও দখলবাজি করলে বিএনপিতে তার ঠাঁই হবে না। ওইসব ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অনেক কষ্ট সহ্য করেছে। শুধু নেতাকর্মীরাই নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে তা হয়নি। তিনি এখন সুস্থ আছেন।’

দেশের উন্নয়নে খালেদা জিয়া ও তারেক রহমান একত্রে কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি।

সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।