টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ‘ফ্যাসিস্ট চলে যাওয়ার সাথে সাথে এদেশ থেকে নকলও চলে গেছে।’ তাই তিনি ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান।
সোমবার (৪ মে) মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ বেলা ১১টার দিকে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে কলেজের শিক্ষক তারেক হাসান ও আব্দুল মালেকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর সাধারণ সম্পাদক এস এম মহসীন।
স্বাগত বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ছানোয়ার হোসেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা আজ মোবাইল হাতে নিয়ে ভুলের সাগরে ডুবে আছে। এই ভুল থেকে তোমাদের বের হতে হবে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। কলেজে ঢুকার সাথে সাথে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে।’



