সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে) এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
আটকরা হলেন রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
তিনি জানান, সোমবার ভোর ৪টার দিকে একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় দু’জন দুষ্কৃতিকারী রাজন ও রতনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল।
আটক ব্যক্তিদের পরে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে।’



