গাজীপুরের টঙ্গী বাজার আনারকলি রোডের মা ছফুরেন্নেছা মার্কেটে আগুনে কেমিক্যাল, পর্দা, সাইকেল, হার্ডওয়ার ও ইলেকট্রনিক্সের দোকানসহ অন্তত ১২ থেকে ১৫টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে মার্কেটের ভেতর থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উঠতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং উত্তরা ফায়ার স্টেশন থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে মার্কেটের বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ইউনিট পাঠানো হয় এবং সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
তিনি আরো জানান, আগুনের উৎস ও ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হবে।



