আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাভারে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন। এ সময় মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করা, ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, হয়রানিমূলক মিথ্যা মামলা ও লে-অফ প্রত্যাহার, ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং বন্ধ কারখানা চালুর দাবি জানানো হয়।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে এ শ্রমিক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সমাবেশে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নারী নেত্রী সুমাইয়া ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন এবং তাদের অর্জনের স্বীকৃতি নিশ্চিত করা জরুরি। নারীর প্রতিভা বিকাশে পরিবারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। নারীকে আত্মমর্যাদাসম্পন্ন ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বিশ্বে প্রকৃত সমতা প্রতিষ্ঠিত হলেই একটি জাতির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, সরকারি প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলেও গার্মেন্টসসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠানে তা ১২০ দিন। একই দেশে দুই ধরনের আইন একটি বড় বৈষম্য। এই বৈষম্য দূর করে সব প্রতিষ্ঠানে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, নারী সমাজের অবিচ্ছেদ্য অংশ। নারীর উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। জাতির সামগ্রিক অগ্রগতির জন্য নারী উন্নয়ন অপরিহার্য।
ফেডারেশনের শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক রাশিদা আক্তার বলেন, বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে এবং অনেক দেশে এটি জাতীয় ছুটির দিন। নারীর ক্ষমতায়ন, কন্যাশিশুর অধিকার, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সকলের সমর্থন থাকা উচিত। নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে বৈষম্য দূর করা, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সমতার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
সমাবেশে আরও বক্তব্য দেন শফিউল আলম, আবু কালাম, আলী আকবর খান, মশিউর রহমান ইমরান, আলী আজম খান, সাজিয়া রহমান, আজিম গ্রুপের শ্রমিক সুমাইয়া আক্তার ও শ্রমিক ফারজানা প্রমুখ।



