ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম খান বাবুল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, ‘ভাঙ্গা উপজেলায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি থাকবে। মাদকসেবী বা মাদক ব্যবসায়ী যদি আমার আপন ভাইও হয়, তবুও তার কোনো ছাড় নেই। আইনের কাছে সবাই সমান। মাদকের সাথে জড়িত কাউকে প্রশ্রয় দেয়া হবে না।’
তিনি বলেন, ‘তরুণ সমাজকে রক্ষা ও একটি সুস্থ-সুন্দর ভাঙ্গা গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় বক্তারা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা করেন এবং ভাঙ্গা উপজেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ডাক্তার তানসির জুবায়ের নাদিম, কৃষি অফিসার মোল্লা আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, বিএনপি নেতা মিজানুর রহমান পান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



