চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মরহুম ফজল আহমেদের স্ত্রী। আহতদের মধ্যে দুই শিশু ও এক ভ্যানচালক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ভ্যান থেকে তরকারি কেনার সময় হঠাৎ পাশের দেয়ালটি ধসে বৃদ্ধা, ভ্যানচালক ও দুই শিশুর ওপর পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধার মৃত্যু হয়। অন্যরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দেয়ালটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু দেয়ালের মালিক এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়াতে এ দুর্ঘটনা ঘটেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



