ময়মনসিংহের ভালুকা রেঞ্জের মেহেরাবাড়ী বিট অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো।
সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মেহেরাবাড়ী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মেহেরাবাড়ী বিট অফিসার মো: মুশফিকুর রহমান মানিক দায়িত্ব পালনের নামে স্থানীয়দের সাথে অসদাচরণ করছেন এবং বিভিন্ন কাজে হয়রানি করছেন।
তারা অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিষয় ও ছোটখাটো স্থাপনা নির্মাণের ক্ষেত্রেও নানা অজুহাতে অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় বলেও দাবি করেন বক্তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তার বিচার দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত বিট অফিসার মো: মুশফিকুর রহমান মানিক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সম্প্রতি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেহেরাবাড়ী এলাকায় গেলে শাকিল ঢালী তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় বনবিভাগ ভালুকা মডেল থানায় একটি মামলা করেছে। তার দাবি, মামলা থেকে রেহাই পেতে বা উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার উদ্দেশেই একটি পক্ষ মানববন্ধন আয়োজন করেছেন।’



