জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিনে কারামুক্ত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টার দিকে জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুক্তি দেয়া হয়। পরে স্বজনরা তাকে কারাগার থেকে নিয়ে যান।
এর আগে আজ রোববার গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসাইনের আদালত।
শিরীন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
পরে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।



