ময়মনসিংহ মেডিক্যিালে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু

বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Mymensingh

ময়মনসিংহ মেডিক্যিাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৬ জন রোগী মমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড চালু রয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী ওয়ার্ডের কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে।