ড্রেনে পড়ে নিখোঁজ সেই নারীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে অরক্ষিত গভীর ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (২৬) লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার রাত ৮টায় ভারী বর্ষণে জলমগ্ন ড্রেনে পড়ে নিখোঁজ হন ওই নারী। গত দুই দিনে দমকল বাহিনীর ডুবুরীরা প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও প্রায় ২০ ফিট গভীর ওই ড্রেনে একটানা তল্লাশি চালায়। পাশাপাশি ড্রেনের শেষ প্রান্তে বিলেও অনুসন্ধান চালানো হয়। ডুবুরিরা সোমবার তার একজোড়া জুতা ড্রেন থেকে উদ্ধার করলেও জ্যোতির সন্ধান পায়নি। অবশেষে আজ মঙ্গলবার সকালে ডুবুরিরা টঙ্গীর শালিকচুড়া বিলে তল্লাশিকালে জ্যোতির লাশ ভাসতে দেখে।

দমকল বাহিনীর টঙ্গীর সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, তারা লাশটি উদ্ধার করে তৎক্ষণাৎ টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লাশটি পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত জ্যোতি চুয়াডাঙ্গা জেলা সদরের বাগান পাড়ার মৃত অলিউল্লাহ আহমেদ বাবলুর মেয়ে। জ্যোতি ৯ বছরের দু’টি জমজ ছেলে সন্তানের জননী বলে তার স্বজনরা জানান। তিনি রাজধানীর মিরপুরে ভাড়া বাসায় থেকে মনি ট্রেডিং করপোরেশন নামের একটি কোম্পানির মার্কেটিং প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। ঘটনার সময় জ্যোতি টঙ্গীর ইমপেরিয়াল হাসপাতালে তাদের কোম্পানির পণ্যের পরিচিতি তুলে ধরতে ডাক্তার ভিজিটে এসে এ দুর্ঘটনার শিকার হন।