ঢাকার সাভারে পরিত্যক্ত ডোবা থেকে কালাম মিনা (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ানো ও মুখের কিছু অংশ পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার বাসস্ট্যান্ড-সংলগ্ন মজিদপুর এলাকার ল্যাব জোন হাসপাতালের পেছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালাম ফরিদপুর জেলার বোয়াল মারি থানার ডহরনগর গ্রামের সাইদুর রহমান মিনা ওরফে সাইদ মিনার ছেলে।
জানা যায়, কালাম মিনা মুদি-মনিহারি ব্যবসা করতেন। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য জনৈক ব্যক্তিদের কাছে টাকা জমা দিলেও বিদেশে না নিয়ে যাওয়া নিয়ে বিরোধ চলমান ছিল তাদের সাথে। সকালে পরিত্যক্ত জায়গায় কালাম মিনার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশের মাথার সম্মুখ ভাগে ও কপালে কিছু অংশ আগুনে পোড়ানো ও রক্তাক্ত কাঁটা জখম ছিল এবং দুই চোখ উপড়ানো ছিল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল-মাসুম নয়া দিগন্তকে যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।



