মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে ৬ ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ইসরাত জাহান মিম (২০) নামে এক নারী অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছ জনতা।
মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার আদর্শ নগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অপহরণকারী মিম আটপাড়া উপজেলার সোনাকানিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুয়াইর গ্রামের সৌদী প্রবাসী আল আমিনের মেয়ে নাদিয়া মঙ্গলবার বিকেলে আদর্শ নগর বাজার এলাকায় প্রাইভেট পড়তে আসে। পরে বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে জনতার হাতে আটক হয় অপহরণকারী।
অপহৃত নাদিয়ার চাচা হেলাল উদ্দিন জানান, প্রাইভেট শেষে বাড়ি যাচ্ছিল নাদিয়াসহ আরো তিনজন শিক্ষার্থী। এসময় অপহরণকারী নাদিয়াকে আটকিয়ে তার আন্টি পরিচয় দিয়ে কথা বলতে থাকে। নাদিয়া তার কথা সোনার সময় অন্য বন্ধুরা চলে যায়। অপহরণকারী নাদিয়াকে তার মায়ের জন্য কিছু কিনে দেয়ার কথা বলে আদর্শ নগর বাজার থেকে একটি ভাড়া করা মোটরসাইকেল যোগে মোহনগঞ্জ চলে আসে। মোহনগঞ্জ এসে নাদিয়ার কানের দুল খুলে স্বর্নের দোকানে বিক্রি করে। পরে নাদিয়াকে লাল রঙের জামা কিনে দেয়।
নাদিয়া তখনো ভাবছিলো তার আন্টিই হবে হয়তো। পরে মোহনগঞ্জ বিএনপি অফিস মোড়ে এসে একটি মোটরসাইকেল ভাড়া করে কিশোরগঞ্জ যাওয়ার জন্য। নাদিয়া যেতে আপত্তি করলে তাকে চুপ থাকতে বলে।
ততক্ষণে নাদিয়া বাড়ি না ফেরায় তার সহপাঠীদের কাছে খোঁজ নিতে গেলে তারা বলে নাদিয়াকে একজন আন্টি নিয়ে গেছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় তাৎক্ষণিক সবাই মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পয়েন্টে লোক পাঠিয়ে খুঁজাখুজির সময় খবর পাই বিএনপি অফিস এলাকায় জনতার হাতে অপহরণকারী আটক হয়েছে। পরে নাদিয়াকে উদ্ধার করে অপহরণকারীকে পুলিশের কাছে তুলে দেয়া হয়।
বুধবার নাদিয়ার মা কল্পনা আক্তার বাদি হয়ে ইসরাত জাহান মিমকে আসামি করে অপহরণ মামলার প্রস্তুতি নেন।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন জানান, নাদিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে জনতার হাতে আটক হয় অপহরণকারী। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাকে কোর্টে পাঠান হবে।



