জুলাই ঘোষণাপত্র হবে বাংলাদেশের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসাথে থেকে যেভাবে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
রোববার (২৫ মে) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় পথসভার অংশ হিসেবে লোহাগাড়া উপজেলার বটতলি রেলওয়ে স্টেশনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি লোহাগাড়ার শহীদ ইসমাম এবং অ্যাডভোকেট আলিফের কথাও স্মরণ করেন। বলেন, শহীদ আলিফ সর্বশেষ ভারতীয় আগ্রাসনের শিকার।
তিনি আরো বলেন, আমরা এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এ অবস্থা থেকে আমাদের উত্তরণ প্রয়োজন। আওয়ামী লীগ যেভাবে নাগরিক অধিকার হরণ করেছে, রাতে ভোট করেছে, গুম-খুন করেছে, লুণ্ঠনের রাজনীতি করেছে, বিরোধীদলকে দমন করেছে- এসব থেকে উত্তরণের জন্য আমাদের সংবিধান পরিবর্তনের কোনো বিকল্প নেই।
হাসনাত বলেন, অতীতে যে বৈষম্যমূলক বাংলাদেশ ছিল সেটার পরিবর্তে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো। আমরা আপনাদের নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই। আপনাদের নিয়ে যে নতুন বাংলাদেশ আমরা গড়বো, সেখানে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো।
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেন, গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে, দ্রুততম সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। এবং আওয়ামী নিষিদ্ধের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে। আমরা প্রত্যাশা রাখব প্রধান উপদেষ্টা কথা রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো: আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী প্রমুখ



