যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ৩৫ হাজার টাকা জরিমানা

অভিযানকালে একাধিক কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এবং যাত্রীদের হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বাসভাড়া বেশি নেয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা
বাসভাড়া বেশি নেয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা |নয়া দিগন্ত

ঈদে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত আসনের বেশি যাত্রী পরিবহন এবং টিকিট ভোগান্তির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন।

মহানগরের টঙ্গী এলাকায় এ অভিযানে নানা অনিয়মের দায়ে বিভিন্ন বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আদায়কৃত অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী স্টেশন রোড সংলগ্ন বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (টঙ্গী রাজস্ব সার্কেল) মোহাম্মদ মোজাহেরুল হক।

অভিযানকালে একাধিক কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এবং যাত্রীদের হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা করা হয়, যা যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

এ সময় কাউন্টার কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ এবং যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।