যশোরের চৌগাছায় অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ৮ মার্চ) বিকেলে এই আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান।
অবৈধভাবে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল মজুদ করার অপরাধে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমাণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।
এদিকে, বিকাল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাণ আইনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ এই জ্বালানি তেল জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ খবর জানায় পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানকে ঘটনাস্থলে পাঠান। পরে সেখানে আদালত পরিচালনা করে নিজামউদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করেন।
এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। পরে সব টাকা সরকারি ফান্ডে জমা দেয়া হবে।



