সরকার কৃষক ও জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজ করবে : পর্যটনমন্ত্রী

‘বিএনপি, জামায়াত, এনসিপিসহ সমাজের দায়িত্বশীল মানুষদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে মাদক-সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত কমিটি করতে হবে।’

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
খাল পুনঃখননের উদ্বোধন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা
খাল পুনঃখননের উদ্বোধন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা |নয়া দিগন্ত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বরেছেন, ‘বর্তমান সরকার দেশের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজ অব্যাহতভাবে করে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান দেশবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান আবার খাল খনন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

সোমবার (১১ মে) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালি নদীর সংযোগস্থল থেকে চন্দ্রখালি খাল সংযোগ পর্যন্ত খনন কাজের কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

পর্যটনমন্ত্রী বলেন, ‘আমরা আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উন্নয়নের, মুক্ত গণতন্ত্রের, মানুষের অধিকারের, সুশাসনের বাংলাদেশ পেতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বিগত ১৭ বছরের অন্ধকার যুগের পতন হয়েছে। আসুন এখন সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। সামাজিক মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাই অভিভাবকদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপিসহ সমাজের দায়িত্বশীল মানুষদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে মাদক-সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত কমিটি করতে হবে।’

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুই কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা ব্যয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের বাস্তবায়নের এই খাল খনন সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা।

সাটুরিয়া বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহম্মেদ, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার প্রমুখ।

এর আগে, বিমানমন্ত্রী মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘অপরাধীরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।’

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, নারী নেত্রী সাবিবা হাবিব, এনসিপির জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুর ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।